7:00 PM
0
চোরাবালি সিনেমার সাফল্যের পর নির্মাতা রেদওয়ান রনি এবার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। মরিচিকা নামের এ ছবিটিতে শতভাগ দেশি অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করতে চান তিনি।
রনি জানিয়েছেন, এ ছবিটির শুটিং হবে দেশের চমৎকার সব লোকেশনে। ভালোবাসার সত্যি ঘটনা নিয়েই এ ছবিটি নির্মাণ করছেন তিনি।
এ প্রসঙ্গে রনি বলেন, ‘চলতি বছরের আগস্ট মাস থেকে মরীচিকা ছবিটির শুটিং শুরু করবো। এখন ছবিটির অন্যান্য বিষয় নিয়ে প্রাথমিক পরিকল্পনা করছি। একটি সত্যিকারের ভালোবাসার গল্প নিয়ে ছবিটির কাহিনি তৈরি হয়েছে।’
রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র চোরাবালিতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে এবারের ছবিটির সকল শিল্পীই হবেন দেশি এমনটাই জানিয়েছেন রনি।
এ প্রসঙ্গে রনি বলেন, ‘ছবিটিতে কোন কোন অভিনয় শিল্পী কাজ করছেন সেটা ঠিক হয়নি। তবে এটুকু বলতে পারি, এ ছবিটির সকল শিল্পী আমার দেশের হবে। আমি এ ছবিটা বানাতে চাই দেশি শিল্পীদের নিয়ে।
ছবিটির শুটিং প্রসঙ্গে রনি বলেন, আমরা বাংলাদেশেরই চমৎকার সব লোকেশনে ছবিটির চিত্রায়ন করবো। এরই মধ্যে প্রাথমিকভাবে ঢাকা, মহেশখালী, সেন্টমার্টিনসহ কিছু লোকেশন ঠিক করেছি। ছবিটিতে বাংলাদেশকে তুলে ধরতে চাই।
ছবির গল্প প্রসঙ্গে রনি বলেন, ‘একটি সত্যিকারের ভালোবাসার গল্প অবলম্বনে কাহিনিটি গড়ে উঠেছে। ছবিটি সম্পূর্ণ প্রেমকাহিনী নির্ভর। এটাকে রোমান্টিক ধাঁচের বলা যেতে পারে।’
রনি আরো জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই ছবির নাম নিবন্ধন করা হয়েছে। নিজের লেখা গল্প থেকেই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। পিংপং এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত হবে ছবিটি।
রেদওয়ান রনি পরিচালিত প্রথম চলচ্চিত্র চোরাবালি সর্বমোট ৫টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। ছবিটিতে অভিনয় করেছেন জয় আহসান, ইন্দ্রনীল সেনগুপ্ত, শহিদুজ্জামান সেলিম, এটি এম শামসুজ্জামানসহ অনেকে।

0 comments:

Post a Comment